শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলুম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টা শান্তিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় যাত্রা শুরু করে মাদ্রাসাটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত মাদ্রাসা কমিটির সভাপতি ও সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাও. সৈয়দ মাছরুর আহমদ কাসেমী। মাদ্রাসার নায়েবে মুহতামিম মাও. আবদুল হাই ও পরিচালনা কমিটির সদস্য হাফিজ মাও. সৈয়দ হাবীব সালেহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাপুর মাদ্রাসার মুহতামিম, শায়খুল হাদিস নূরুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ অঞ্চলে সুপরিচিত হাফেজি কিংবা নূরানী মাদ্রাসা নেই। এলাকার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য নবপ্রতিষ্ঠিত রিয়াজুল উলুম মাদ্রাসার বিশেষ প্রয়োজন ছিলো এবং তা আজ পূরণ হলো।
তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও দেশকে ইসলামের আলোয় আলোকিত করতে হলে দ্বীনি শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে। একমাত্র দ্বীনি শিক্ষাই পারে সমাজ ও ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে। আর সেই শিক্ষা হতে হবে আল্লাহর উদ্দেশে নবীর আদর্শগত শিক্ষা। যার মধ্যে মানবতার মুক্তির সকল নিয়ম-কানুন রয়েছে। মানব জাতির মেধা, মননশীলতা, বিবেক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের ক্ষেত্রে বিশ্বনবী রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত গুরুত্ব প্রদানের সঙ্গে শিক্ষায় ব্যাপক পৃষ্ঠপোষকতাও দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাউয়া হাদিস মাদ্রাসার মুহতামিম শায়খ আব্দুস সুবহান, হযরত আয়েশা সিদ্দিকা (রা.) দারুল হাদিস মহিলা মাদ্রাসা সুনামগঞ্জের মুহতামিম শায়খ আনোয়ার হোসাইন, সৈয়দপুর সামছিয়া দারুল হাদিস মহিলা মাদরাসার মুহতামিম মাও. শায়খ আবু আলী, ভাতগাঁও ছুরতুননেছা মহিলা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাও. ইলিয়াস আহমদ ও হাফিজ গিয়াস উদ্দিন প্রমুখ। মাদ্রাসার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাও. আব্দুল হাই।
এসময় শান্তিগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন অঞ্চলের আলেমগণ উপস্থিত ছিলেন।